Shohel Shikdar

The Local Cloud

Posted by shohelshikdar on Tuesday, July 29, 2025

লোকাল ক্লাউড: আপনার তথ্যের জন্য সুরক্ষিত আশ্রয়

মো: সোহেল সিকদার

Vice President, Cloud & IT Infrastructure Services

Unified Information Technology Limited

 

একবিংশ শতাব্দীতে প্রযুক্তি প্রতিটি দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউয়ে ভাসছি, যেখানে ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং এবং ক্লাউড কম্পিউটিং আমাদের জীবনধারা ও বৈশ্বিক অর্থনীতিকে প্রতিনিয়ত নতুন রূপ দিচ্ছে। এই পরিবর্তনের দৌড়ে বাংলাদেশও পিছিয়ে নেই। একটি স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ গড়ার পথে লোকাল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আমাদের জন্য একটি অত্যন্ত কার্যকর ও কৌশলগত হাতিয়ার হতে পারে

 

আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনি মোবাইলে ছবি তোলেন, অফিসে ফাইল তৈরি করেন, বা কোনো অনলাইন ফর্ম পূরণ করেন, এইসব তথ্য আসলে কোথায় যায়? অনেকেই হয়তো বলেন "গুগল ড্রাইভে আছে" বা "OneDrive এ ব্যাকআপ আছে", কিন্তু খুব কম মানুষই জানেন যে এই ডেটা প্রায়শই বাংলাদেশে থাকে না। এই তথ্যগুলো চলে যায় আমেরিকা, সিঙ্গাপুর, বা ইউরোপের কোনো সার্ভারে

 

এখন প্রশ্ন হলো, তথ্য যদি দেশের বাইরে থাকে, তাহলে কি সেটা সত্যিই নিরাপদ? আর যদি গোপনীয় তথ্য হয়, তবে কি তার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে? এই প্রশ্নগুলোই আমাদের "লোকাল ক্লাউড" বা "স্থানীয় ক্লাউড সেবা" নিয়ে ভাবতে শেখায়

 

ক্লাউড মানে কী?

সহজভাবে বলতে গেলে, আগে আমরা যেমন সব ফাইল, ডকুমেন্ট বা ছবি নিজের কম্পিউটার বা হার্ডডিস্কে রাখতাম, এখন আর তা করি না। এখন আমরা এগুলো ইন্টারনেটে রাখি, যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স, বা আইক্লাউডে। এই সুবিধাটাকেই বলা হয় ক্লাউডঅর্থাৎ, তথ্য সংরক্ষণের জন্য ইন্টারনেটে থাকা বিশাল সার্ভারগুলো ব্যবহার করা

 

তাহলে লোকাল ক্লাউড কী?

লোকাল ক্লাউড হলো একই সুবিধা, তবে এক্ষেত্রে সার্ভারটি বাংলাদেশেই থাকে। আপনার ছবি, ডেটা বা ডকুমেন্ট ঢাকা, গাজীপুর বা যশোরের কোনো সার্ভারে সংরক্ষণ করা হয়

 

এটা অনেকটা এমন:  আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, তবে সেটা দেশের ব্যাংকে। যদি কোনো সমস্যা হয়, আপনি সরাসরি অফিসে গিয়ে কথা বলতে পারবেন বা ফোনে যোগাযোগ করতে পারবেন। কিন্তু যদি সেই ব্যাংকটি লন্ডনে হয়, তখন তো চাইলেও কিছু করার থাকে না!

 

লোকাল ক্লাউড কেন জরুরি?

 

১. তথ্যের নিরাপত্তা: আপনার ব্যাংক হিসাব, স্বাস্থ্য রিপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বা অফিসের চুক্তি, এসব যদি বিদেশি সার্ভারে থাকে, তাহলে তা হ্যাক হলে বা ফাঁস হলে আপনার পক্ষে তেমন কিছুই করার থাকবে না। লোকাল ক্লাউডে রাখলে এসব ডেটা দেশের আইন ও নিরাপত্তা বলয়ের মধ্যে সুরক্ষিত থাকবে

 

২. খরচ সাশ্রয়: আন্তর্জাতিক ক্লাউড সেবা ব্যবহার করলে প্রতি মাসে ডলার দিয়ে বিল পরিশোধ করতে হয়। লোকাল ক্লাউড ব্যবহার করলে দেশীয় টাকায়, তুলনামূলক কম খরচে একই সুবিধা পাওয়া যায়

 

৩. দ্রুত সেবা: আপনার কম্পিউটার থেকে ঢাকার সার্ভারে ফাইল পাঠাতে যেখানে মাত্র এক সেকেন্ডের মতো সময় লাগে, সেখানে আমেরিকায় ডেটা পাঠাতে সময় বেশি লাগবে। লোকাল ক্লাউডে লেটেন্সি কম, অর্থাৎ কাজ হয় দ্রুত ও মসৃণভাবে!

 

বাংলাদেশে লোকাল ক্লাউড কোথায় পাবেন?

 

বাংলাদেশে ইতিমধ্যে অনেক কোম্পানি লোকাল ক্লাউড সেবা দিচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ক্লাউড সার্ভিস সরবরাহ করছে। এছাড়াও, সরকার গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টার তৈরি করেছে, যেখানে সরকারি তথ্য সংরক্ষণ করা হয়

 

নিচে গুরুত্বপূর্ণ কিছু উৎস ও প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো:

১.জাতীয় ডেটা সেন্টার – কালিয়াকৈর, গাজীপুর

২.বেসরকারি লোকাল ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান- Unified Information Technology Ltd.

 

 

কাদের জন্য লোকাল ক্লাউড উপকারী?

 

  • সরকারি দপ্তর: ফাইল, দলিল, জন্মসনদ ইত্যাদি ডিজিটালভাবে সংরক্ষণে

  • হাসপাতাল: রোগীর রিপোর্ট ও রেজিস্টার সংরক্ষণে

  • ফার্মাসিউটিক্যাল কোম্পানি: অটোমেশন, ERP সফটওয়্যার, মেশিন লার্নিং এবং AI এর জন্য অত্যাবশ্যক

  • সফটওয়্যার কোম্পানি: দেশের ভেতরে ডেটা সংরক্ষণ ও দ্রুত সেবার জন্য

  • ব্যাংক: হিসাব, ট্রানজেকশন, লোন ডেটা সুরক্ষিত রাখতে

  • স্কুল-কলেজ: শিক্ষার্থীদের ফলাফল ও ক্লাসরুম রেকর্ড সংরক্ষণে

  • স্টার্টআপ ও ফ্রিল্যান্সার: সাশ্রয়ী মূল্যে অ্যাপ ও ওয়েব হোস্টিংয়ের জন্য

 

ভবিষ্যতে কী হতে পারে?

লোকাল ক্লাউড শুধু একটি সার্ভার নয়, এটি বাংলাদেশের ডেটা নিরাপত্তার ঢাল। আগামীতে যদি আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, যেখানে গাড়ি সেন্সরে চলবে, বিদ্যুৎ বিল স্বয়ংক্রিয় হবে, সিসিটিভি ইন্টারনেটে যুক্ত থাকবে, তাহলে এর সব তথ্য লোকাল ক্লাউডেই রাখতে হবে

 

শেষ কথা

তথ্য এখনকার সময়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই সম্পদকে নিরাপদে রাখার জন্য আমাদের দরকার দেশের মাটিতে তৈরি করা এবং দেশেই পরিচালিত ক্লাউড সেবা যাকে আমরা বলি লোকাল ক্লাউডএটা যেমন নিরাপদ, তেমনি সাশ্রয়ী। আজকের এই সিদ্ধান্তই আমাদের প্রযুক্তি-নির্ভর ভবিষ্যতের দিকনির্দেশনা দেবে

 

লেখক পরিচিতি

মো: সোহেল সিকদার

আইটি ও ক্লাউড প্রযুক্তিতে তাঁর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে লোকাল ক্লাউড সেবা ও সাইবার সিকিউরিটির নিয়ে কাজ করছি

যোগাযোগ: +৮৮০১৭১১৯৫৮০৮৭

 

 

 


Tags: #localcloud #datasecurity #cloudcomputing #cloudsolutions #cybersecurity 

Categories

Blog Archive

Make a free website with Yola